মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংকট নিরসনে চার দফা শান্তি প্রস্তাব দিয়েছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রস্তাব তুলে ধরেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করা জরুরি। তার মতে, আন্তর্জাতিক আইনকে সুবিধামতো ব্যবহার বা প্রয়োজনে উপেক্ষা করার প্রবণতা বিশ্বব্যবস্থার জন্য হুমকি তৈরি করছে।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে বেইজিং সংযুক্ত আরব আমিরাতের পাশে থাকবে এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে।
চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শি জিনপিং মধ্যপ্রাচ্য সংকট সমাধানে চারটি মূল নীতির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠন, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক রুটে প্রভাব পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।
অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই সফর চীন ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত বহন করছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।