মাত্র ১০৬ দিন দায়িত্ব পালনের পরই চেলসি কোচ লিয়াম রোজনিয়রকে বরখাস্ত করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের ঘোষণা দেয় ক্লাবটি।
চলতি বছরের জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হয়ে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন ৪১ বছর বয়সী এই কোচ। কিন্তু দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ক্লাব কর্তৃপক্ষ।
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হেরেছে চেলসি, আর এই ম্যাচগুলোতে একটিও গোল করতে পারেনি দলটি। ক্লাবের ১২১ বছরের ইতিহাসে ১৯১২ সালের পর প্রথমবারের মতো এমন হতাশাজনক রেকর্ড গড়েছে তারা। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও প্রায় শেষের পথে।
বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে চেলসি। পাঁচ ম্যাচ বাকি থাকতে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে দলটি। রোজনিয়রের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১১টি জয় পেয়েছে চেলসি।
সবশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর চাপ আরও বেড়ে যায়। শেষ আট ম্যাচে সাতটিতে হার—এই বাজে পারফরম্যান্সই শেষ পর্যন্ত তার বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স সন্তোষজনক নয়। তবে মৌসুমে এখনো কিছু অর্জনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি লিয়াম রোজনিয়রের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে চেলসি।
এদিকে, বাকি মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যালাম ম্যাকফারলেন, যিনি আগে ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন।