চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় টিসিবির একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তিনি প্রাণ হারান।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনের পাশের টিসিবি গুদামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন স্থানীয় আব্বাস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুদামে আগুন লাগার খবর পেয়ে নয়নসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যে নয়ন ভেতরে পড়ে যান। অন্যরা দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতরে তল্লাশি চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নেভানোর সময় নয়নের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত কারণ তদন্ত শেষে জানা যাবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।