সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়া কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোজিনিয়া কয়েক দিনের মধ্যেই চিলিতে পৌঁছাবেন। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
রয়টার্স জানায়, বর্তমানে ফ্রি এজেন্ট থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে গিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে তার আনুষ্ঠানিক উন্মোচন করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
ভোজিনিয়ার আসল নাম জোসিমার দিয়াস। তবে ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত। বিশ্বকাপে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে শেষ ৩২-এ তুলতে গোলপোস্টের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়ায়।
বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে আলোচনায় আসেন ভোজিনিয়া। টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন।
ভোজিনিয়া জানিয়েছেন, পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান তিনি। সম্প্রচারমাধ্যম সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি ক্লাবে খেলতে চান, যেখানে তাকে শুধু বিপণনের জন্য নয়, বরং একজন ফুটবলার হিসেবে মূল্যায়ন করা হবে।
বিশ্বকাপের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার জনপ্রিয়তাতেও। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৯০ লাখে।
নতুন ক্লাব পাওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ফুটবলভক্ত। অনেকেই তার এই অর্জনকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন। এমনকি ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘The Best’।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।