বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক প্রতিবেদনটি সঠিক নয় এবং বাস্তবতার সঙ্গে এর মিল নেই। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার বিপিসি এক বিবৃতিতে জানায়, প্রতিবেদনে বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ না করার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এসব বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের জন্য বিপিসি একাধিকবার অনুরোধ জানিয়েছে।
সংস্থাটি আরও জানায়, দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্থানীয় উৎসের পাশাপাশি বিদেশ থেকে আমদানিও অব্যাহত রয়েছে। তবে ৮ এপ্রিল বিপিসি অকটেন ও পেট্রোল গ্রহণে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে এমন দাবি পুরোপুরি মিথ্যা।
বিপিসি জানায়, দেশীয় উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পণ্য গ্রহণের সুযোগ রয়েছে এবং সে অনুযায়ী বেসরকারি রিফাইনারিগুলো থেকে নিয়মিত জ্বালানি সংগ্রহ করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন, ৭ হাজার ১৭৭ মেট্রিক টন পেট্রোল এবং ১২ হাজার ৮৮৪ মেট্রিক টন ডিজেল গ্রহণ করা হয়েছে।
এছাড়া অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড থেকে ২৯১ মেট্রিক টন অকটেন, ৪ হাজার ১৩ মেট্রিক টন পেট্রোল ও ৫৮১ মেট্রিক টন ডিজেল এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড থেকে ৩ হাজার ২৬৪ মেট্রিক টন অকটেন, ১ হাজার ২৫৪ মেট্রিক টন পেট্রোল ও ১ হাজার ৮৯৬ মেট্রিক টন ডিজেল সংগ্রহ করা হয়েছে।
বিপিসি আরও জানায়, চলতি মাসের অবশিষ্ট সময়েও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য গ্রহণের সুযোগ রয়েছে, যা আগের মাসগুলোর তুলনায় বেশি।