ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে টানটান উত্তেজনা ও দুই দিনের অনিশ্চয়তার পর অবশেষে শূন্যরেখায় অবস্থানরত ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত নেওয়া ওই দলে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু ছিল। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ ওই ১১ জনকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এরপর থেকেই তারা সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছিল।
এ সময় শিশু ও অন্তঃসত্ত্বা নারী থাকার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
পরবর্তী সময়ে বিজিবি জিরো লাইনে নজরদারি ও টহল জোরদার করে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
বিজিবি জানায়, রোববার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ অবশেষে ওই ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সীমান্তের জিরো লাইনে আর কেউ অবস্থান করছে না।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।