বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বগুড়ার আদমদীঘি এলাকায় লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন।
এ সময় তিনি আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেন। এছাড়া লাইনচ্যুত বগিগুলো দ্রুত সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা এবং আটকে পড়া যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ‘নীলসাগর এক্সপ্রেস’-এর অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এখনো কোনো মতামত নেই।