ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংরক্ষিত নারী আসনে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা বিগত সময়ে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, বিরোধী দলে থাকাকালীন সময়ে দলের নারী নেত্রীদের নানা ধরনের নির্যাতন ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। তাই মনোনয়ন বোর্ড সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে।
রিজভী জানান, প্রার্থী নির্বাচনে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদে কার্যকরভাবে বক্তব্য রাখার সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।