শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহকারীদের সবাই বিএনপির বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল।
এ পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আকতার, মমতাজ আকতার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াছমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, নাজিয়া হক, জিন্নাত আরা, মরিয়ম বেগম, ফেরদৌস লিপন, তাহমিনা খান, রুবিনা আক্তার, শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আকতার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াছমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরিন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেনসহ আরও অনেকে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
আসন বণ্টনের হিসেবে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি সংরক্ষিত নারী আসন। জামায়াত ও তাদের জোটের জন্য বরাদ্দ রয়েছে ১৩টি আসন। এছাড়া ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোট পাবে একটি আসন। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কোনো জোটে অংশ নিচ্ছেন না।