বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে বেনজীর আহমেদের আটকের তথ্য জানানো হয়। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাংলাদেশের অনুরোধ এবং ইন্টারপোলের সমন্বয়ে তাকে শনাক্ত ও আটক করা হয়েছে। এখন প্রত্যার্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে।
দুদক সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় চলতি বছরের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও কন্যাদের নিয়ে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। এরপর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে দেখা দেননি। তার অবস্থান নিয়ে নানা আলোচনা চললেও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
সরকারি সূত্র বলছে, দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ধাপ সম্পন্ন হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় চলছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।