এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার সকালে ভিয়েতনামের হ্যানয় থেকে সিঙ্গাপুরে পৌঁছান জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ দলের অন্যান্য সদস্যরা।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও ফিফা র্যাংকিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ঢাকায় নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এবার জয় দিয়ে মিশন শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ, যা র্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই দিনে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকংয়ের পয়েন্ট সমান হবে, ফলে গ্রুপ অবস্থান নির্ধারণে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই তিন গোল করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ কিছুটা সামলে নেয় বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ শেষে রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় দল। সেখানে তিন দিন অনুশীলনের পর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।
এখনো কোনো মতামত নেই।