মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের সিরিক ও কেশম অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ইউনিট, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতা।
এদিকে মার্কিন হামলার পর নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করেছে, সিরিকে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারেনি।
বিবৃতিতে আরও বলা হয়, সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরানের নির্দেশনা উপেক্ষা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।