মাস না পেরোতেই রাজধানীর সায়েদাবাদে বন্ধ করে দেওয়া ২৪০টি বাস কাউন্টার আবারও খুলে দিয়েছে মালিকরা। কাউন্টার ব্যবস্থাপকদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিন মাসের সময় পেয়ে তারা কাউন্টার খুলেছেন। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, কোনো অনুমতি ছাড়াই এসব কাউন্টার খুলে দেওয়া হয়েছে।
এর আগে ৮ এপ্রিল ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম-এর নেতৃত্বে অভিযানে সায়েদাবাদ এলাকায় কয়েকটি কাউন্টার ভেঙে দেওয়া হয় এবং মোট ২৪০টি অনুমোদনহীন বাস কাউন্টার বন্ধ করে সিলগালা করা হয়।
অভিযানের উদ্দেশ্য ছিল সড়ক দখলমুক্ত করে বাসগুলোকে নির্ধারিত টার্মিনালের ভেতরে নিয়ে আসা। তবে কয়েক সপ্তাহ পর থেকেই এসব বন্ধ কাউন্টার আবারও চালু হতে শুরু করে। বর্তমানে সিলগালা করা কিছু কাউন্টারেও টিকিট বিক্রি চলছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস কাউন্টার ব্যবস্থাপক জানান, মালিক সমিতির লোকজনের উপস্থিতিতে তিন মাস সময়ের ভিত্তিতে তালা খোলা হয়েছে। আরেকজন ব্যবস্থাপক বলেন, টার্মিনালে পর্যাপ্ত জায়গা ও যাত্রী সুবিধা না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের পাশেই কাউন্টার পরিচালনা করছেন।
তবে এসব দাবি অস্বীকার করে ডিএসসিসির ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, কাউকে তালা ভাঙার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং তিন মাস সময় দেওয়ার কথাও সত্য নয়।
তিনি আরও জানান, প্রয়োজন হলে ভেতরে কাউন্টার করার ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই অবৈধভাবে সড়ক দখল করে কাউন্টার চালাতে দেওয়া হবে না।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।