আগামী আগস্ট মাসের মধ্যেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে। তাদের দাবি, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সূত্রগুলো জানায়, বিএনপির নীতিনির্ধারণী মহলে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সম্প্রতি বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত দলীয় জাতীয় স্থায়ী কমিটিই নেবে। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতামত গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
দলীয় নেতাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে মির্জা ফখরুল সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, স্পিকারের সঙ্গে পরামর্শ করে সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর একমাত্র বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।