রাজধানীর Ashkona Hajj Camp থেকে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া অর্থের বড় অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম। তাদের কাছ থেকে ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে ১৭ হাজার ৫০০ রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১ মে) হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন, Dhaka Metropolitan Police-এর উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এবং মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তদন্তে জানা যায়, গত ২২ এপ্রিল হজক্যাম্প থেকে হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঞ্জাবি-পাজামা পরা এক ব্যক্তি হজযাত্রীর ছদ্মবেশে অভিনব কৌশলে টাকা নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগীর ছেলে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে একাধিক স্থান ঘুরে প্রথমে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাদিমকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের সন্ধানে একাধিক স্থানে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যদের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে উদ্ধার হওয়া অর্থ ফেরত পাওয়ার খবরে ভুক্তভোগী ইমান আলী মক্কা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।