বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। ম্যাচ শেষের বাঁশি বাজার পর যখন স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনে মেতে ওঠেন, তখনই মাঠে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া সতীর্থদের নিয়ে মাঝমাঠে উদযাপন করছিলেন। ঠিক সেই সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস সেখানে গিয়ে গার্সিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি গার্সিয়ার গলা চেপে ধরেন বলে টেলিভিশন সম্প্রচারে দেখা যায়।
ঘটনাটি একজন সহকারী রেফারির সামনেই ঘটে এবং ম্যাচ-পরবর্তী সম্প্রচারে সেটি স্পষ্টভাবে ধরা পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুই দলের একাধিক খেলোয়াড় সেখানে জড়ো হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার সঙ্গে দলের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলও হস্তক্ষেপ করে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
এ সময় স্পেনের মিডফিল্ডার গাভিও উত্তেজিত হয়ে পড়েন। হাতাহাতির মধ্যে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা পড়ে গেলে পারেদেস গাভির জার্সি ধরে টান দেন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
শেষ পর্যন্ত ম্যাচ-পরবর্তী এই অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখান ম্যাচ কর্মকর্তারা।
বিশ্বকাপ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ শেষে এমন উত্তেজনাপূর্ণ ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটবলপ্রেমীদের অনেকেই এই আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।