আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে ধীরে ধীরে স্বস্তি ফিরছে আর্জেন্টিনা শিবিরে। চোট নিয়ে শঙ্কায় থাকা বেশ কয়েকজন ফুটবলার অনুশীলনে ফিরেছেন। ফলে ২৬ সদস্যের স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তনের প্রয়োজন হবে না বলেই আশা করছে কোচিং স্টাফ।
ক্যানসাসে দলের প্রথম দুটি অনুশীলন সেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা এবং নিকোলাস পাজ স্বাভাবিকভাবে অনুশীলনে অংশ নিয়েছেন। মৌসুমের শেষ দিকে চোটে ভোগা এই তিন ফুটবলারের ফিটনেস উন্নতি আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর।
রক্ষণভাগেও সুখবর পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। হাঁটুর চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। আগামী সপ্তাহে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে কিছু সময় মাঠে দেখা যেতে পারে।
অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও স্বস্তিতে রয়েছে দল। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলেও সেটি গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে কোনো সংশয় নেই। তবে ঝুঁকি এড়াতে প্রস্তুতি ম্যাচে তাকে সীমিত সময় খেলানো হতে পারে।
ডান প্রান্তের ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন। কয়েক দিনের মধ্যেই তিনি পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন।
এদিকে লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে যে চোটের গুঞ্জন ছড়িয়েছিল, সেটিকে গুরুত্ব দিচ্ছে না আর্জেন্টিনা শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গুরুতর কোনো সমস্যায় ভুগছেন না।
সবচেয়ে বেশি নজর রয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং ডিফেন্ডার গনসালো মন্তিয়েলের ওপর। মার্তিনেজের আঙুলে চোট থাকলেও বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
অন্যদিকে মন্তিয়েলের অবস্থা কিছুটা জটিল। উরুর চোট থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেস ফিরে পেতে এখনও সময় লাগতে পারে। তারপরও তাকে নিয়ে আশাবাদী আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
কোচিং স্টাফের বিশ্বাস, নতুন কোনো সমস্যা না হলে বর্তমান ২৬ সদস্যের স্কোয়াড নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনির সবচেয়ে বড় লক্ষ্য এখন দলের সব খেলোয়াড়কে শতভাগ সুস্থ অবস্থায় পাওয়া।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।