ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ একজন ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তির নাম মফিদুল ইসলাম (৪৩)। তিনি খুলনা জেলার লবণচরা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এলাকার খোলা কার পার্কিং থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে SV808 flight-এ দেশে ফেরেন মফিদুল ইসলাম। বিমানবন্দরে নামার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তল্লাশিতে তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম ২১ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।
এছাড়া তার কাছে পাওয়া যায় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা বাংলাদেশি মুদ্রা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি একটি চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করতেন। বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হতো বলে জানা গেছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এপিবিএন-এর পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।