রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় হাসপাতালটির অবকাঠামোগত সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনাটির পেছনে দায়িত্বশীলদের গাফিলতির বিষয় সামনে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য পুরোপুরি উপযুক্ত নয়। বিশেষ করে সংকটাপন্ন রোগী ও নবজাতকদের চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও মানদণ্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মন্ত্রী আরও বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার পর স্বাস্থ্য খাতে দায়িত্বশীলতা, সেবার মান এবং হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ আরও স্পষ্ট হবে।
এদিকে নিহত নবজাতকদের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।