দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলির ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও জোরদার করা হয়েছে। বর্তমানে হিলি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায়ও একই ধরনের পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেসব প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
শুক্রবার ভোরে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই উদ্যোগও সফল হয়নি।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় পর্যায়ের সমন্বয় আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।