রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স বাতিল ও কার্যক্রম বন্ধের সম্ভাবনার বিষয়ে আপত্তি জানিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া ও সুস্পষ্ট প্রমাণ ছাড়া হাসপাতাল বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া আইনসম্মত নয়।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিশির মনির জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ে স্পষ্ট তথ্য নেই। তাই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে লাইসেন্স বাতিলের মতো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না।
তিনি বলেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে অন্তত তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমানও। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তবে একটি প্রতিষ্ঠানের সেবাকার্য পুরোপুরি বন্ধ হয়ে যাক, এমনটাও তারা চান না।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা, চাকরির সুযোগ এবং দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা।
শিশির মনির আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আইনগতভাবে দেওয়া হবে। একই সঙ্গে তদন্তের সব তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পরে অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।