বাংলাদেশের আলোচিত হাদি হত্যা মামলার প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু তথ্য উল্লেখ করেন, যা বাংলাদেশের আলোচিত হাদি হত্যা মামলার তদন্ত এবং ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগকারীর দাবি, তার বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সংবেদনশীল তদন্ত সংক্রান্ত বিষয় প্রকাশ্যে আনার শামিল।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত ২ জুন কলকাতার ধর্মতলায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল। যদিও তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, তার এই বক্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত।
অভিযোগকারী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় দাবি করেন, এ ধরনের মন্তব্য প্রশাসনিক গোপনীয়তা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে পারে। একই সঙ্গে এটি জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে একাধিক আইনি ধারা সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট থানা অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভারতীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, তদন্তের অগ্রগতি ও পুলিশের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে অভিযোগটি কতদূর গড়ায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ১৮ বাংলা, কলকাতা টিভি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।