ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইউপি সদস্য কফিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহতদের মধ্যে অনেককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল এবং দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্থানীয়দের মতে, এলাকায় আধিপত্য বিস্তার এবং পুরোনো দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সাম্প্রতিক এই সংঘর্ষের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মোল্লা জানান, পূর্ববিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।