হাদি হত্যা ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে দেওয়া মন্তব্য বাংলাদেশের আলোচনার বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে তিনি বলেছেন, ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, অন্য দেশের নির্বাচনী রাজনীতিতে কে কী মন্তব্য করলেন, সেটি বাংলাদেশের আলোচনার বিষয় নয়। তবে হাদি হত্যা মামলার বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা সহযোগিতা চাইলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি জানান, হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এ ঘটনায় যাদের আটক করা হয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। এজন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি এটিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন এই নির্বাচন।
তার ভাষ্য, বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এটি দেশের জন্য গর্বের বিষয়।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে কোন দেশ প্রথম সফরের গন্তব্য হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।
এ সময় মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে বিজিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।