দেশের সিলেট অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ঢাকাসহ প্রায় ৪০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু সময় স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ এলাকায় গরমের তীব্রতা এখনই কমার সম্ভাবনা কম।
তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।