ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বৃহস্পতিবার (২১ মে) ঢাকার আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও।
সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়।
প্রিজনভ্যান থেকে প্রথমে নামানো হয় সালমান এফ রহমানকে। এ সময় নিরাপত্তার অংশ হিসেবে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তখন গরমে অস্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “এই গরমে মরেই যাবো, খুব গরম।”
এরপর আদালত প্রাঙ্গণে নামানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি সাদেক খানকে।
পাঁচ মিনিট পর আরেকটি প্রিজনভ্যানে করে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে আনা হয়। তাকে পুলিশের সহায়তায় ভ্যান থেকে নামতে দেখা যায়।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পলক বলেন, “হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো আছে।” তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
আদালত সূত্র জানিয়েছে, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরার জন্য সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আদালতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় হাজিরা দিতে আদালতে আনা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
পরে চারজনকেই আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।