রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে তিনি জানান, এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার শেষ করার আশ্বাসও দেন তিনি।
গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি আবাসিক ভবন থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে আত্মগোপনে থাকা সোহেল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। অপর এক আসামি এখনও পলাতক রয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া ম্যাজিস্ট্রেটের সামনেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
রামিসার মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
আইনমন্ত্রী বলেন, এমন নৃশংস ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।