সেনাসদস্যরা শিগগিরই ব্যারাকে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, কিছু সময়ের মধ্যেই সেনাসদস্যদের ব্যারাকে ফেরত আনা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইতোমধ্যে অনেকেই ব্যারাকে ফিরে এসেছেন।
তিনি আরও জানান, এখনো প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দেশের ৬২টি জেলায় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সেনাপ্রধান বলেন, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সরকার যতদিন সেনাবাহিনীকে মাঠে থাকতে বলবে, ততদিন তারা দায়িত্ব পালন করবে। বর্তমানে জ্বালানি তেলের ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান দেশের স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
গত ১৬ মে থেকে শুরু হওয়া কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।