অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পটভূমি অনুযায়ী, গত রবিবার (১৭ মে) আইনজীবী মহসিন রশীদ কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন। ওই দিন প্রাথমিক শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ মে তারিখ নির্ধারণ করেন।
রিটে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের শাসনামলে অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে অনুরূপ পরিস্থিতির মুখোমুখি না করতে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন রয়েছে বলে আবেদনকারীরা দাবি করেন।
রিটকারীর আইনজীবী মহসিন রশীদ জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছিল এবং তদন্ত প্রক্রিয়ার পদ্ধতি সরকারের ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। আবেদনকারীদের ভাষ্যমতে, সরকারপক্ষ বিষয়টি বিবেচনার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত আদালত রিটটি খারিজ করে দেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।