রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা সমাজের মানবিক মূল্যবোধকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করছে। এমন নৃশংস অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এগুলোকে চ্যালেঞ্জহীন থাকতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বিচারব্যবস্থা নিয়ে যে হতাশা প্রকাশ করেছেন, তা অমূলক নয়। তবে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমেই সেই হতাশার জবাব দেওয়া হবে।
রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, পুলিশ কমিশনারকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।
সম্প্রতি আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কার্যকর না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ওই মামলায় ৭ দিনের মধ্যে চার্জশিট এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। তবে অতিরিক্ত দ্রুত বিচার করতে গেলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টে অনুমোদনের জন্য পাঠানো হয়। হাইকোর্টে পেপার বুক প্রস্তুতসহ নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগে। তবে গুরুত্বপূর্ণ মামলায় দ্রুততার ব্যতিক্রমও রয়েছে।
আইনমন্ত্রী জানান, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে, তবে আদালতের বিচারিক কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করা সম্ভব নয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই মামলাটির বিচার সম্পন্ন হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।