বাংলাদেশের ই-পাসপোর্টে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন সংস্করণের পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। পাশাপাশি ভেতরের বিভিন্ন জলছাপ, স্থাপনা ও প্রতীকেও আনা হচ্ছে পরিবর্তন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাসপোর্টের নকশা ও তথ্য হালনাগাদের উদ্যোগ শুরু হয়। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাসপোর্টের ভেতরের কিছু ছবি বাদ দেওয়া এবং নতুন কিছু প্রতীক ও ঐতিহাসিক স্থাপনা যুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে সব ধরনের পাসপোর্টে আবারও এই শব্দবন্ধ যুক্ত করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।
নতুন নকশায় পাসপোর্ট থেকে কয়েকটি আলোচিত স্থাপনা ও প্রতীক বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু সেতু, মডেল মসজিদ, কক্সবাজার সৈকতের নৌকার ছবি এবং আরও কয়েকটি স্থাপনা।
অন্যদিকে নতুন করে যুক্ত হচ্ছে ঐতিহাসিক বঙ্গভবন, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, জাতীয় স্মৃতিসৌধ, পানাম নগরী, জামদানি শাড়ি, কাঁঠাল, ইলিশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী উপাদানের ছবি।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা একটি আলোচিত ছবিও নতুন পাসপোর্টে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
তবে আগের কিছু পরিচিত প্রতীক ও স্থাপনা বহাল থাকছে। এর মধ্যে রয়েছে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, ষাটগম্বুজ মসজিদ, হাতিরঝিল, সুন্দরবন, চা বাগান ও জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের জলছাপ ও ভেতরের ডিজাইনে পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারপ্রধানের অনুমোদন পেলেই নতুন সংস্করণের কাজ শুরু হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।