ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী সড়কে তীব্র যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের পর দুটি যানবাহন সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়ে। এতে পেছনে থাকা যানবাহন চলাচল বন্ধ হয়ে মুহূর্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গজারিয়া এলাকায় আরও একটি ট্রাক দুর্ঘটনা এবং টোল আদায়ে ধীরগতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
বর্তমানে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গজারিয়া হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটলেও সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হননি। তবে একাধিক দুর্ঘটনা ও টোল আদায়ে ধীরগতির কারণেই দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।