দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফা মূল্য কমানোর পর এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
এর আগে বুধবারও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবেই ঘন ঘন স্বর্ণের দামে পরিবর্তন দেখা যাচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।