রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। বিশেষ করে আলু, লাউ, টমেটো, গাজর ও ফুলকপির দাম বাড়ায় বাড়তি চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। তবে একই সময়ে ব্রয়লার ও সোনালী মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর রামপুরা, বনশ্রী ও মেরাদিয়া এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হওয়া টমেটো এখন কেজিতে ১০০ টাকা। গাজরের দাম ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে।
লাউয়ের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কয়েকদিন আগেও প্রতিটি লাউ ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া গেলেও এখন গুনতে হচ্ছে প্রায় ১০০ টাকা।
নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসার সবজি আলুর দামও বেড়েছে। আগে ২৫ টাকায় মিললেও এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
তবে কিছু সবজির দামে সামান্য কমতি দেখা গেছে। লম্বা বেগুন ১২০ টাকা থেকে নেমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দামও কেজিতে ২০ টাকা কমে এখন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে ঢেড়স, করলা, পটল, চিচিঙ্গা ও পেপের দাম আগের মতোই রয়েছে। বাজারভেদে এসব সবজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে অস্থিরতা থাকলেও মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ১৭৫ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। সোনালী মুরগির দামও কমেছে। আগে ৩৭০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।
তবে পাকিস্তানি লেয়ার মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহে ৩২০ থেকে ৩৩০ টাকায় পাওয়া গেলেও এখন কেজিতে ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
রামপুরা বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক দিদার হোসেন বলেন, বাজারে এখন সবকিছুর দামই বেশি। আগের মতো একসঙ্গে কয়েক ধরনের সবজি কেনা যায় না।
সবজি বিক্রেতাদের দাবি, মৌসুম শেষ হওয়ার কারণে অনেক সবজির সরবরাহ কমে গেছে। এতে পাইকারি বাজারেই দাম বেড়েছে।
মেরাদিয়া বাজারের ব্যবসায়ী রিয়াদ হোসেন বলেন, কয়েকটি সবজির দাম কমলেও অধিকাংশ পণ্যের দাম বাড়তি। সরবরাহ কম থাকায় বাজারে এই প্রভাব পড়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।