বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ নিয়ে আয়োজিত গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বুধবার (২০ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।
পিডিবির প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় দেড় টাকা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে গড় ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৬৫ পয়সা করার সুপারিশ করা হয়।
শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ অংশীজন বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে মত দেন। তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।
পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, চলতি অর্থবছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। এই ঘাটতি মোকাবিলা না করলে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে তিনি উল্লেখ করেন।
গণশুনানিতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শুনানিতে দাম বাড়ানোর পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরা হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অংশীজনদের অনেকেই অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের অনিয়ম ও ক্ষতির দায় গ্রাহকের ওপর চাপানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, নিত্যপণ্যের দামের চাপে থাকা সাধারণ মানুষ বিদ্যুতের দাম বাড়লে আরও সংকটে পড়বে। একইসঙ্গে শিল্প ও উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও প্রকাশ করেন অনেকে।
এদিকে বিইআরসি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর আরও একটি গণশুনানি অনুষ্ঠিত হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।