কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং আরও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম।
এছাড়া মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম ও শাহ আলমকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। পরে দণ্ডপ্রাপ্তদের প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী বলেন, সাক্ষ্যপ্রমাণ ও আলামতের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।
২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩)। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে হত্যা মামলা করেন। একই ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে নিহত সেনা কর্মকর্তার স্বজন, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিহতের পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। অন্যদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতির কথা জানিয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।