সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এতে কর্মকর্তাদের নাম, তাদের আগের দায়িত্ব এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।
যদিও আদেশটি মঙ্গলবার জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে। একই বিষয়ে পৃথক অফিস আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। এরপরই প্রশাসনিক প্রক্রিয়ায় সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসনিক ভবন-৪ এ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করা হয়েছিল। সে সময় তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও অংশ নেন।
সংশ্লিষ্ট মহলের ধারণা, প্রশাসনিক পুনর্বিন্যাস ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।