স্থানীয় সরকার নির্বাচনকে সংঘাতমুক্ত ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সমঝোতার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া এককভাবে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
সোমবার (১৮ মে) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের কাজের ক্ষেত্রে তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। বড় বড় রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে ফোন এলেও কোনো ধরনের অনৈতিক যোগাযোগে সাড়া দেওয়া হয়নি। প্রয়োজনে অফিসিয়াল প্রক্রিয়ায় কথা বলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতে এসব নির্বাচনকে কেন্দ্র করে অনেক এলাকায় সহিংসতা, সংঘর্ষ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। একই পরিবার বা গ্রামের মানুষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।
তিনি আরও বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীদের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। ফলে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে দলগুলোর মধ্যে সমঝোতা ও সহনশীলতা প্রয়োজন।
সিইসি জানান, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের কারণে আচরণবিধি ও পরিচালনা বিধিতে কিছু পরিবর্তনের কাজ চলছে। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করে এ এম এম নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ ও বিশ্লেষণ কমিশনের কাজে সহায়ক ভূমিকা রাখছে। সংবাদমাধ্যমের মাধ্যমে কমিশনের বার্তা সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শেষদিকে সিইসি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কমিশনের কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে তা যেন গণমাধ্যম নির্ভয়ে তুলে ধরে। এতে নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করা সম্ভব হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।