মুন্সীগঞ্জ: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানাবাড়ির আঙিনায় জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় শেষ আনুষ্ঠানিকতা শেষে রাতেই মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয়। এ সময় কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি এবং গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।
কারিনার ভাই সাদ্দাফ হামিদ বলেন, এই বাড়িটি তাদের পরিবারের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা ছিল। ভবিষ্যতে কিছু পরিকল্পনা রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তা বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।