মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে দম্পতি ও তাদের আট মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের শিশু সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ দীর্ঘদিন ধরে আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। রোববার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান। পরিচয় অনুযায়ী, মিষ্টি বাড়ৈ তার আত্মীয়।
রাত গভীর হলে ওই বাসা থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পাশের একটি কক্ষে একা অবস্থায় ছিলেন মিষ্টি বাড়ৈ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।