রাজধানীর বনানী মাঠে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেল ৫টায় একটি এয়ারলাইনসের ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে সেখান থেকে মরদেহ বনানী ডিওএইচএসের বাসায় নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের পর সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে।
লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তিনি মারা যান।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়।
‘এ’ লেভেল সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে একটি গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন কারিনা। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।