মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন ইতালি প্রবাসীর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশুকে নিয়ে সেখানে যান।
পরে রাতের দিকে ওই বাসা থেকে পুলিশকে ফোন করা হলে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাশের একটি কক্ষে একাই অবস্থান করছিলেন মিষ্টি বাড়ৈ। প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।