মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন বাইকাররা। শনিবার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া মোটরসাইকেল ব্যবহারকারীরা এনবিআরের সামনে সারিবদ্ধভাবে প্রায় ২০০টি বাইক রাখেন। পরে তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে ফুটপাতে অবস্থান নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, আসন্ন বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে কর আরোপ এবং বাইক মালিকদের আয়করের আওতায় এনে অগ্রিম কর বসানোর আলোচনা চলছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে দাবি তাদের।
মানববন্ধনে অংশ নেওয়া এ কে এম ইমন বলেন, বর্তমানে কর্মজীবী মানুষের জন্য মোটরসাইকেল একটি প্রয়োজনীয় যানবাহনে পরিণত হয়েছে। একটি বাইক কেনার সময়ই ক্রেতাদের বিভিন্ন ধরনের শুল্ক ও কর দিতে হয়। এরপর আবার নতুন কর আরোপ করা হলে তা মধ্যবিত্তের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মানববন্ধনের কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়লেও বড় ধরনের যানজট তৈরি হয়নি।
বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে সামনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।