বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এর মধ্যে চলতি মাসেই প্রথম ধাপে ১ হাজার ৫০০ ড্রাইভার নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।
তাদের ভাষ্য, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী ও দায়িত্বশীল হওয়ায় নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারী ড্রাইভাররা সফলভাবে কাজ করছেন বলেও তারা উল্লেখ করেন।
প্রতিনিধি দল আরও জানায়, সোমবার থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চালকদের যাচাই কার্যক্রম শুরু হবে। এই ধাপে ১ হাজার ৫০০ জনকে বাছাই করা হবে।
চলতি বছরজুড়ে মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের শ্রমবাজার আরও বিস্তৃত হবে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান তিনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।