মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করতে ড্রোন ধ্বংসে সক্ষম আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাজ্য। নতুন এই প্রযুক্তি রাজকীয় বিমান বাহিনীর টাইফুন যুদ্ধবিমানে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম নামে পরিচিত এই প্রযুক্তি খুব অল্প সময়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে সরাসরি মধ্যপ্রাচ্যে কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
যুক্তরাজ্যের দাবি, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুলনামূলক কম খরচে শত্রুপক্ষের ড্রোন লক্ষ্য করে নিখুঁত আঘাত হানতে সক্ষম।
গত এপ্রিল মাসে ব্রিটিশ বিমান বাহিনীর বিশেষ পরীক্ষামূলক স্কোয়াড্রন আকাশে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালায়। এরপরই দ্রুত এটি মোতায়েনের সিদ্ধান্ত নেয় লন্ডন।
জানা গেছে, এই ব্যবস্থা রাডার ও ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে ড্রোন শনাক্ত করতে পারে। একই সঙ্গে সাধারণ রকেটকে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রে রূপান্তর করার সক্ষমতাও রয়েছে এতে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে যুদ্ধক্ষেত্রে কম খরচের ড্রোন হামলা বেড়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলো নতুন প্রতিরক্ষা প্রযুক্তির দিকে ঝুঁকছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপও সেই কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতি ও শিল্পবিষয়ক মন্ত্রী লুক পোলার্ড বলেন, নতুন এই প্রযুক্তি কম ব্যয়ে বেশি সংখ্যক ড্রোন ভূপাতিত করতে সহায়তা করবে।
মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান টহল দিচ্ছে। পাশাপাশি সৌদি আরব ও বাহরাইনে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রয়েছে।
এদিকে টাইফুন যুদ্ধবিমান আরও আধুনিক করতে ৮৬০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার কথাও জানিয়েছে ব্রিটিশ সরকার। এতে যুদ্ধবিমানগুলো আগামী কয়েক দশক কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।