হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
রিটে বলা হয়, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকা হামের টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন। এজন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।
আবেদনে কেবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে রিট দাখিল করা হয়।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে এবং এতে বহু শিশুর মৃত্যু হয়েছে। তাই টিকাদান কর্মসূচি নিয়ে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
তিনি আরও জানান, তদন্ত চলাকালীন সময় পর্যন্ত ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।