যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তার ঘনিষ্ঠ মহলে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।
প্রতিবেদনে মন্ত্রিসভার এক সদস্যের বরাতে জানানো হয়, স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে রাজি আছেন, তবে তিনি তা নিজের শর্তে এবং নির্ধারিত সময় অনুযায়ী করতে চান।
সূত্রটি আরও জানায়, বর্তমান রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা সম্ভব নয় তা তিনি বুঝতে পারছেন। তবে সম্মানজনকভাবে দায়িত্ব ছাড়তে একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে ভোটারদের অসন্তোষ ও একাধিক বিতর্কে যুক্তরাজ্যের লেবার সরকার বর্তমানে চাপে রয়েছে। স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফল এবং দলের ভেতরে নেতৃত্ব নিয়ে অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
সাম্প্রতিক সময়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। তিনি ভবিষ্যতে দলের নেতৃত্ব নির্বাচনে স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
স্ট্রিটিং দলীয় নেতৃত্বে পরিবর্তনের জন্য স্টারমারকে দ্রুত সময়সূচি ঘোষণা করে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে জনমত জরিপেও কিয়ার স্টারমারের জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে। ইউগোভের এক জরিপ অনুযায়ী, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক তার নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করেছেন।
জরিপে আরও বলা হয়, জনপ্রিয়তার দিক থেকে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম অজনপ্রিয় প্রধানমন্ত্রীর তালিকায় চলে এসেছেন, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।