গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা তৈরি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে এই নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসিকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। এরপর শহীদ মিনার এলাকায় জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের নিজস্ব শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, প্রশাসনিক বাস্তবতা ও শিক্ষার্থীদের সমস্যা সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় তারা দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পারবেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।