বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করার কারণে তার ব্যক্তিগত ফেসবুক পেজের ওপর পরিকল্পিত সাইবার আক্রমণ চালানো হয়েছে। ভুয়া ইমপারসোনেশন অভিযোগ দেখিয়ে তার পেজ অচল করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ তোলেন রাশেদ খান।
পোস্টে তিনি জানান, তার নিজস্ব ও দীর্ঘদিনের ব্যবহৃত ফেসবুক পেজের বিরুদ্ধে ভুয়া অভিযোগ দায়ের করা হয়েছে। এর ফলে পেজটি বর্তমানে অচল অবস্থায় রয়েছে।
রাশেদ খানের দাবি, একটি পক্ষ যুক্তি দিয়ে মোকাবিলা করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি বন্ধ করার চেষ্টা করছে।
তিনি লেখেন, যারা মতের জবাব যুক্তি দিয়ে দিতে পারে না, তারাই এখন ব্যক্তিগত আক্রমণ ও সামাজিক মাধ্যম বন্ধ করার পথ বেছে নিচ্ছে। তবে এসবের মাধ্যমে তার বক্তব্য থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও জানান, এর আগেও তার একাধিক ব্যক্তিগত ফেসবুক আইডি ডিজঅ্যাবল করা হয়েছিল। দীর্ঘদিন ধরে গড়ে তোলা পেজটিও এবার সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান বলেন, মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে ভিন্নমত দমনে নানা কৌশল ব্যবহার করা হচ্ছে।
পোস্টের মন্তব্য অংশে তিনি ইঙ্গিত দেন, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ধারাবাহিক লেখালেখির কারণেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সংগঠিত সাইবার কার্যক্রম চালাচ্ছে। তবে এ ঘটনায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি তিনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।