একদিনের সরকারি সফরে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরের পর চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
পরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে সফর শেষ করবেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ চাঁদপুর সফর করছেন। সর্বশেষ ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলা সফরে গিয়েছিলেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।